
‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর রণপ্রস্তুতি আধুনিকায়ন, আন্তঃবাহিনী কৌশলগত সমন্বয় জোরদার এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নৌবাহিনী পদক’ (এনবিপি)-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। দীর্ঘ ৩৮ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য সামরিক কর্মজীবনে নেতৃত্ব, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এর আগে তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) অর্জন করেন।
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘কমান্ডার বিএন ফ্লিট’ হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও কৌশলগত সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। এ সময় নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক যুদ্ধকৌশল প্রবর্তন এবং আত্মনির্ভরশীলতা অর্জনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।
তাঁর উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কাউন্টার-ড্রোন প্রযুক্তি ও আধুনিক মিসাইল ফায়ারিংয়ের মাধ্যমে নৌবহরের আঘাত হানার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত হয়। নৌবহরের দীর্ঘমেয়াদি রণপ্রস্তুতি নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’-এর আধুনিকায়ন প্রক্রিয়াও শুরু করেন তিনি।
এ ছাড়া সমুদ্রসীমায় তাৎক্ষণিক নজরদারি ও তথ্য আদান-প্রদানের লক্ষ্যে ‘ইনফরমেশন ফিউশন সেন্টার’ সচলকরণ, প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন, নিজস্ব ব্যবস্থাপনায় যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য ‘ফ্লিট মেইনটেন্যান্স গ্রুপ’ গঠন এবং ব্যয়সাশ্রয়ী আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে নৌবাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে সফল যৌথ সামরিক অনুশীলন এবং কৌশলগত সমন্বয়ের মাধ্যমে তিন বাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যৌথ অপারেশন পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় করেন। পাশাপাশি আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণ এবং বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর সফলভাবে পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন।
দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ সুরক্ষায়ও তাঁর নেতৃত্ব ও তদারকি ছিল প্রশংসনীয়। তাঁর দায়িত্ব পালনকালে পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালানকৃত সামগ্রী জব্দ করা হয়। এসব অভিযান দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা এবং জাতীয় অর্থনীতির স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া গভীর সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের জীবন রক্ষায় মানবিক উদ্যোগ গ্রহণ এবং আঞ্চলিক মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে মিয়ানমার কোস্ট গার্ড ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শত শত সদস্যকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।
দীর্ঘ কর্মজীবনে পেশাদারত্ব, দক্ষ নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর বহুমাত্রিক অবদানের স্বীকৃতি হিসেবেই ‘নৌবাহিনী পদক’ অর্জনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








