
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের বালুর মাঠের দখল ও ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার পাল্টা মামলা দায়ের করা হয়েছে। আগের মামলার বাদী নুরুল আফছারকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি করেছেন আইয়ুব আলীর স্ত্রী খুরশিদা বেগম।
সোমবার (২৩ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ। থানা মামলা নম্বর ৩১/৪৫১। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৮৫, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এনামুল হক।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন—নুরুল আফছার (৬০), আবদুন নুর (৫০), মো. শাওন (৪০), মো. সজিব (৩৭), মো. সৌরভ (৩০), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. বেলাল (৩৫) ও মো. মুন্না (৩০)।
এজাহারে বলা হয়, খুরশিদা বেগমের স্বামী মোহাম্মদ আইয়ুব আলী এস আলম কোম্পানি থেকে জায়গা ভাড়া নিয়ে কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকার প্রধান সড়কের পূর্ব পাশে অবস্থিত বালুর মাঠে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল আফছারসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ভাড়াকৃত মাঠে প্রবেশ করেন। এ সময় তাঁরা ইট, বালু ও সিমেন্টসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল নষ্ট করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আইয়ুব আলী বাধা দিতে গেলে তাঁর কাছ থেকে ইট-বালু কিনতে আসা শাহাদাত হোসেন (৩৬) ও জিকু (৩৪) নামের দুই ক্রেতাকে মারধর করে আহত করা হয়। একপর্যায়ে নুরুল আফছার হাতে থাকা ছোরা দিয়ে শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলে অভিযোগ করেন বাদী। এতে শাহাদাতের নাকে রক্তাক্ত জখম হয়।
এ ছাড়া নুরুল আফছারকে তিন লাখ টাকা চাঁদা না দিলে ওই মাঠে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে মামলায়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর একই সংঘর্ষের ঘটনায় নুরুল আফছার বাদী হয়ে আইয়ুব আলী পক্ষের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।
এবার আইয়ুব আলীর স্ত্রীর দায়ের করা পাল্টা মামলার মধ্য দিয়ে একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগ সামনে এসেছে। ফলে বালুর মাঠের দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। দুই মামলার অভিযোগ তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, “ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। উভয় মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”







