থেরাপি ও সঠিক ব্যায়ামেই অধিকাংশ কোমরব্যথা নিরাময় সম্ভব: স্বাস্থ্য পরিচালক রাব্বি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: অপারেশন ছাড়াই ফিজিওথেরাপি, ম্যানুয়াল থেরাপি ও সঠিক ব্যায়ামের মাধ্যমে প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি) আক্রান্ত অধিকাংশ রোগীর ব্যথা নিরাময় সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, মানুষের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে কুশনের মতো নরম ডিস্ক থাকে, যা মেরুদণ্ডকে নমনীয় রাখে। কোনো কারণে ডিস্কের ভেতরের জেলির মতো অংশ বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে এলে স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হয়। এতে তীব্র ব্যথা ও নানা জটিলতা দেখা দিতে পারে। সাধারণত কোমরের নিচের অংশে এ সমস্যা বেশি হয়। দীর্ঘক্ষণ বসে কাজ করা, অতিরিক্ত ওজন, স্থূলতা ও ভুল শারীরিক ভঙ্গিসহ বিভিন্ন কারণে এ রোগের ঝুঁকি বাড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সম্মেলন কক্ষে ‘প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি)’ শীর্ষক এ সেমিনারের শুরুতে কেক কেটে বিভাগের বর্ষপূর্তি উদযাপন করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের মেডিকেল অফিসার ডা. তৃশা দাশগুপ্তের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) মোহাম্মদ আবদুর রহিম এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৯ শতাংশ প্রবীণ। আগামী ১০ থেকে ১৫ বছরে এ হার ২০ থেকে ২৫ শতাংশে উন্নীত হতে পারে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিএলআইডিসহ বিভিন্ন শারীরিক সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। অথচ দেশে ফিজিয়াট্রিস্টের সংখ্যা তিন শতাধিক, যা জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে এ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা মাত্র একজন বা সামান্য বেশি।

তিনি আরও বলেন, দেশে এখনো ফিজিক্যাল মেডিসিনের জন্য আলাদা কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি। ২০১৬ সালে গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউটের পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। উপজেলা পর্যায়ে এ বিভাগের চিকিৎসকদের জন্য ১০০টি পদ সৃষ্টি করা হলেও প্রয়োজনীয় জনবল পদায়ন সম্ভব হয়নি। আগামীতে আরও ৩০০টির বেশি পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার অগ্রগতির সঙ্গে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন খাতকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বয়স্ক, অতিরিক্ত কায়িক পরিশ্রম করা এবং ভারী কাজের সঙ্গে যুক্ত মানুষের জন্য এ বিভাগের চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেনারেল হাসপাতালে তিন বছর আগে নিজ উদ্যোগে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ চালু করায় ডা. পলাশ নাগের প্রশংসা করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, তাঁর মতো আন্তরিক ও উদ্যোগী চিকিৎসকেরা এগিয়ে এলে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তাঁদের কাজ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সেমিনারে বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ জানান, ২০২৩ সালের ২৪ নভেম্বর জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ফিজিক্যাল মেডিসিন ও ফিজিওথেরাপি ইউনিটে মোট ২০ হাজার ৬৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ খাত থেকে সরকার প্রায় ১১ লাখ টাকা রাজস্ব পেয়েছে।

তিনি জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিভাগের বহির্বিভাগে ১১ হাজার ৬৮০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৪ জন রেফার্ড রোগী এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা ৫৩ জন রোগীকে পুনর্বাসন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই সময়ে মাস্কিউলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে ৪৯ জন রোগীর রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভাগে ফিজিওথেরাপিস্টের পদ থাকলেও গত এক বছর ধরে তা শূন্য রয়েছে। পদটি পূরণ করা হলে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক (ডা.) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঢাকায় একাধিক বিশেষায়িত চিকিৎসা ইনস্টিটিউট থাকলেও চট্টগ্রামে সে তুলনায় চিকিৎসা অবকাঠামো ও বিশেষায়িত প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম। এ কারণে চিকিৎসকদের পদায়ন ও পেশাগত উন্নয়নে নানা সংকট তৈরি হচ্ছে। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাবে উপজেলা পর্যায়েও চিকিৎসকেরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না।

তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দেন। পাশাপাশি চট্টগ্রামে আরও মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে চিকিৎসাসেবার পরিধি বাড়ার পাশাপাশি অপেক্ষমাণ সহকারী ও সহযোগী অধ্যাপকদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি মত দেন।

এ সময় তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল চালু এবং প্রস্তাবিত অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির কার্যকর উদ্যোগ কামনা করেন।

সেমিনারে পিএলআইডির লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জানানো হয়, কোমরে তীব্র ব্যথা, নিতম্ব হয়ে এক বা উভয় পায়ের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়া, পা ঝিনঝিন করা, অবশ হয়ে আসা এবং পায়ের পেশি দুর্বল হয়ে যাওয়া এ রোগের সাধারণ লক্ষণ। আক্রান্ত ৮৫ থেকে ৯০ শতাংশ রোগী অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠেন। তবে ৫ থেকে ১০ শতাংশ জটিল রোগীর ক্ষেত্রে ছয় থেকে আট সপ্তাহের প্রচলিত চিকিৎসায় ব্যথা না কমলে কিংবা স্নায়বিক দুর্বলতা বাড়তে থাকলে মাইক্রোডিসসেকটমি বা এন্ডোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, স্নায়ুর ওপর চাপ কমানো এবং কোমর ও পিঠের পেশি শক্তিশালী করতে নিয়মিত হালকা ব্যায়াম করা প্রয়োজন। পাশাপাশি ভারী ওজন তোলা, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন পরিহার করতে হবে। বসা, দাঁড়ানো ও ঘুমানোর ক্ষেত্রে সঠিক শারীরিক ভঙ্গি বজায় রাখাও জরুরি। তবে পা অবশ হয়ে যাওয়া কিংবা প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানোর মতো জরুরি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সেমিনারে আরও জানানো হয়, বাংলাদেশে কর্মক্ষম ও মধ্যবয়সী ৩০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে কোমরব্যথা ও পিএলআইডিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। দীর্ঘক্ষণ চেয়ারে বসে অফিস বা কম্পিউটারে কাজ করা, সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো, স্থূলতা, ধূমপান এবং শারীরিক পরিশ্রমের অভাব এ রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সেমিনারে জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগসহ বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডের চিকিৎসকেরা অংশ নেন।

মন্তব্য করুন