ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৬

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে টানা কয়েক দিনের অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনা এবং বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশ। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গভীর পাহাড়ে পালিয়ে যায়।

পুলিশি অভিযানের মুখে এলাকা ছাড়ার চেষ্টা করতে গিয়ে ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে রায়হান ও তার সহযোগীরা। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয়রা রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবির সদস্যরা অভিযানে নামেন। রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি, চেকপোস্ট ও অভিযান পরিচালনার পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।

এরপর ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূজপুর থানার কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফরহাদ জানায়, বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল।

পরে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রায়হানের সহযোগী মো. মহররম আলীকে (২৮) গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মহররম আলী স্বীকার করেছে, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তার কাছে রেখে যায়।

এ ছাড়া পরবর্তী অভিযানে কাজীরহাট এলাকা থেকে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও অস্ত্রটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশের অভিযানে এ পর্যন্ত গ্রেফতার ছয়জন হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

উদ্ধার করা অস্ত্র ও আলামতের মধ্যে রয়েছে ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, দুটি ম্যাগাজিন, পিস্তলের গুলি ২২ রাউন্ড, একনলা বন্দুক একটি, শটগানের শীসা কার্তুজ ১২ রাউন্ড, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।

দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র অপরাধীদের অবস্থান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার এবং সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনার পরও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন