
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান।
রবিবার (১২ জুলাই) তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়ে অবহিত হন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। মানুষের কষ্ট লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।









