ডাকাতির প্রস্তুতি থেকে কিশোর গ্যাং- সদরঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তি, ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তি, অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় একটি ফোল্ডিং টিপ ছোরা, একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনারের (ডিসি) দিকনির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত এবং অন্যজন চেকসংক্রান্ত মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

এ ছাড়া সদরঘাট থানাধীন শুভপুর মোড় এলাকায় হোটেল বিরতির সীমানাপ্রাচীরের পশ্চিম পাশে জঙ্গলের ভেতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে রাহাত হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ফোল্ডিং টিপ ছোরা এবং ঘটনাস্থলে অন্যদের ফেলে যাওয়া একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।

অন্যদিকে, বাঁশখালী থানার চাম্বল এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি নুরুল হুদা তাসিফ (২৩) এবং দ্রুত বিচার আইনের একটি মামলার আসামি রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সদরঘাট থানার শুভপুর রেলবিট ও কদমতলী এলাকায় রাতের বেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আরও ১৪ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে সাতজনকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ। বাকি সাতজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সদরঘাট থানা পুলিশ।

পুলিশের অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ। এ সময় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য করুন