নগরবাসীর দুর্ভোগের সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে: ডা. শাহাদাত

নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা, সরাসরি সমস্যা জানানোর আহ্বান

নিউজগার্ডেন ডেস্ক: নগরবাসীর সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরবাসীর যেকোনো সমস্যা নিয়ে তাঁর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ রয়েছে। নগরবাসীর জন্য তাঁর দরজা সবসময় খোলা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর পাঁচলাইশের ৩ নম্বর ওয়ার্ডের মুরাদনগর মিদ্দা পাড়া মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন। আমার সঙ্গে দেখা করা কঠিন কিছু নয়। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করছেন। আপনারা এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি আমাকে জানাবেন। বিশেষ করে যেসব সড়কের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেগুলো জরুরি হিসেবে চিহ্নিত করে জানালে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।’

নগরীর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুরাদনগর এলাকায় ইতোমধ্যে আব্দুল মালেক সওদাগর সড়ক ও অলি আহমদ সওদাগর সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। মুরাদনগর বড় কবরস্থানের আলোকসজ্জার কাজও শেষ হয়েছে। এ ছাড়া আব্দুল মালেক সওদাগর বাই লেন, অলি আহমদ সওদাগর বাই লেন, বড় কবরস্থানের মাঝখানের চলাচলের রাস্তা এবং এলাকার নালার ওপর স্ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। সড়কবাতি স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন, নালা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজও গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।

তিনি বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করা জরুরি। স্থানীয় বাসিন্দারা কোন সড়ক বা অবকাঠামোর কারণে বেশি দুর্ভোগে রয়েছেন, তা অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রশাসক বলেন, মাদক, ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন নাগরিকদের সহযোগিতা করবে।

নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা এবং নালা-নর্দমায় ময়লা জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। এসব কারণে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে অবৈধভাবে গাড়ি রাখা কিংবা অন্য কোনোভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকৃত অসহায় ও দরিদ্র হকারদের চিহ্নিত করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নাগরিক সেবা সহজ করতে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই সিটি করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এলাকার সমস্যা ও অভিযোগের ছবি পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট কর্মীরা সরেজমিনে গিয়ে সমস্যা সমাধানে কাজ করবেন।

তিনি আরও বলেন, শহরটা আমাদের সবার। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে। সবাই মিলে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী রেখে যাওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাল বিতরণ কর্মসূচিকে অসহায় মানুষের জন্য ক্ষুদ্র উপহার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তিনি তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে ডা. শাহাদাত হোসেন আতুরার ডিপোস্থ কামরাবাদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে নির্মাণাধীন মসজিদটির উন্নয়নকাজ পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি পাঁচলাইশ এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বায়েজিদ থানা কৃষক দলের সহসভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শামসুল আলম ও জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সহসাধারণ সম্পাদক রোখসানা মাধু, বায়েজিদ থানা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, পাঁচলাইশ ওয়ার্ড মহিলাদলের সভাপতি আফরোজা বিথি, বায়েজিদ থানা ছাত্রদলের সভাপতি এস এম নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন