
মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টীম আজ সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জানা যায়, সীতাকুণ্ড মডেল থানাধীন কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ জয়নাব আলীর বাড়ির ২য় তলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের ব্যবহৃত কক্ষে বিপুল পরিমাণ অবৈধ মাদক মজুদ রয়েছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেখানে অভিযান পরিচালনা করে মেহেদী হাসান (২৫) পিতা- আবুল খায়ের, ৩৯৭, রোয়ালিয়াকুল, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রামকে আটক করা হয় এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামির দেখানো মতে উক্ত বাড়ির ২য় তলার একটি শয়ন কক্ষের খাটের উপর সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি বস্তায় ৮টি পোটলায় প্রতিটি ৫ কেজি করে সর্বমোট ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ চার লক্ষ টাকা। চট্টগ্রাম জেলা ডিবি কার্যালয়ে ওসি মোঃ দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।









