শিল্পাঞ্চলের নিরাপত্তায় অবদানের জন্য এসপি মাহমুদকে বিদায়ী সংবর্ধনা দিল বিজিএমইএ

নিউজগার্ডেন ডেস্ক: পোশাক শিল্পের স্থিতিশীলতা রক্ষা ও শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩’র বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদকে সংবর্ধনা দিয়েছে বিজিএমইএ।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। আজ চট্টগ্রামের পোশাকশিল্প পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ। শিল্পাঞ্চলের অস্থিরতা মোকাবেলা ও শ্রমিক-মালিক সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় তাঁর পেশাদারিত্ব ছিল অনন্য। বিজিএমইএ’র সাথে সমন্বয় করে তাঁর সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে শ্রমিক অসন্তোষ সহ অনেক অনাকাঙ্খিত পরিস্থিত সফলভাবে মিমাংশা করতে পেরেছেন তিনি।
তিনি বিজিএমইএ এবং চট্টগ্রামের সকল পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ও ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী- আপনার ভূমিকা বিজিএমইএ’র জন্য অত্যন্ত গৌরবের। বিপিএম পিপিএম পদকে ভূষিত হওয়ায় অভিনন্দন জানান ও নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প কারখানাগুলোতে উদ্ভুত বিভিন্ন অস্থিরতা ও অসন্তোষ নিরসনে তাঁর কার্যকর ভূমিকা, উৎপাদনমুখী স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নিরলস প্রচেষ্টা এবং শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে মেলবন্ধন রচনায় তাঁর পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়।

এ সময় বিদায়ী এসপি আব্দুল্লাহ আল মাহমুদ- সম্মাননা প্রদান করায় বিজিএমইএ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিল্পখাতের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রদত্ত সহযোগিতার ভূঁয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেষে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন