উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে ২০২৪ সালে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যার ৫২ শতাংশের পেছনে রয়েছে উচ্চ রক্তচাপ। অথচ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য খাতের বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ মানুষের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর মধ্যে ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের বিনামূল্যে নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, “চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।”
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা অব্যাহত রাখতে হবে।”
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)-এর কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
এ ছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, নিয়মিত ওষুধ সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে চিকিৎসার সুযোগ সম্প্রসারণ। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন