
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির উদ্যোগ নিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
তিনি বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য এখনো ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব। এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধিতে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্ট শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লা সরবরাহের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতেও দেশটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল শিল্প ও পণ্য সরবরাহে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এ খাতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিষয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে দেশটির অনেক কোম্পানি বাংলাদেশের ব্যাংকের এলসি সরাসরি গ্রহণ করে না। ফলে তৃতীয় দেশের মাধ্যমে এলসি খুলতে গিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। এ সমস্যা সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
এ ছাড়া ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।
সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে রেলওয়ের কোচ আমদানি করে। বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন ও উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় দেশেই রেলকোচ উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
অন্যান্য বক্তারা বলেন, ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সিমেন্ট, স্টিল ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল উৎপাদনের পশ্চাৎ-সংযোগ শিল্পে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে।
সভায় বক্তব্য দেন ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসালেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার ও শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী।
এ সময় ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুর, ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









