কুতুবদিয়া-মগনামা নৌপথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধ করুন, অবিলম্বে সী-ট্রাক চালু করুন: ড. হামিদুর রহমান আযাদ

নিউজগার্ডেন ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌঘাটে সম্প্রতি কুতুব শরীফ দরবার জিয়ারত করতে আসা মেহমানদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

দুঃখজনক বিষয় হলো, এ নৌপথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, ঘাটের অব্যবস্থাপনা এবং নৌযান পরিচালনায় অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সাধারণ যাত্রী, পর্যটক ও জিয়ারতকারীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এখানে সবচেয়ে বড় প্রশ্ন, অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে যে সী-ট্রাকটি আনা হয়েছিল, সেটি এখন বন্ধ কেন? মেরামত কিংবা অন্য কোনো কারণে এর চলাচল বন্ধ থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি কেন? একটি গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ যাতায়াতের জন্য আনা সরকারি নৌযানটি অচল পড়ে থাকবে, আর সাধারণ মানুষকে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত নৌযানের ওপর নির্ভর করতে হবে—এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

আমি কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসনের প্রতি নিম্নোক্ত পদক্ষেপগুলো অবিলম্বে গ্রহণের আহ্বান জানাচ্ছি—

১. বন্ধ থাকা সী-ট্রাকটি দ্রুত সচল করে নিয়মিত চলাচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিকল্প সী-ট্রাকের ব্যবস্থা করতে হবে।

২. সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ঘাটে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং তা কার্যকর করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. যাত্রী হয়রানি, দুর্ব্যবহার ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত নৌযানের চলাচল বন্ধ করে প্রতিটি নৌযানের নিরাপত্তা ও চলাচলের উপযুক্ততা নিশ্চিত করতে হবে।

৫. নৌঘাটে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যাত্রীদের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা চালু করতে হবে।

কুতুবদিয়া-মগনামা নৌপথ কোনো বিশেষ মহলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনগণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই নৌপথে যাত্রীদের নিরাপত্তা, স্বাভাবিক যাতায়াত এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। জনগণকে জিম্মি করে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি চলতে দেওয়া যায় না। তাই আর আশ্বাস নয়, অবিলম্বে সী-ট্রাক চালু এবং নৌপথের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন