সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে খাদে পড়ে দুই মাদ্রাসাশিক্ষক নিহত

সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে খাদে পড়ে দুই মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুজনের একজন নারী শিক্ষক।

শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাচ্ছিল। একই সফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা এসব তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন