
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ২ নম্বর ষোলশহর বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ এ এম নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি শাহনেয়াজ চৌধুরী ও এস এম আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, সহসম্পাদক ইব্রাহিম ফরাজী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, যুববিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, নাছিরাবাদ শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, অপু সিংহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ফরিদ, জান্নাতুল ফেরদৌস রুবি, সাবিনা সুলতানাসহ অনেকে।
পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, রাষ্ট্রের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা দিয়েছিল। ১৯৭১ সালে জাতি যখন নেতৃত্বের সংকটে ছিল, তখন জিয়াউর রহমানের ঘোষণা মানুষকে অনুপ্রাণিত করেছিল।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ বিপ্লব না ঘটলে দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিস্থিতি ভিন্ন ধারায় পরিচালিত হতে পারত। এ দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে রাজনীতি করার শিক্ষা দিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর সেই আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অবদান এবং তারেক রহমানের নেতৃত্ব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ এম নাজিম উদ্দিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা যেকোনো সংকট ও দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।









