ফটিকছড়ির এসি ল্যান্ড রহমত উল্লাহকে তিন মাসের আগেই বদলি

ফটিকছড়ি প্রতিনিধি, এ কে এম নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে যোগদানের তিন মাস পূর্ণ হওয়ার আগেই বদলি করা হয়েছে। তাঁর এ আকস্মিক বদলিকে ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি, ফটিকছড়ি ও ভূজপুর থানা এলাকায় পাহাড় কাটা, মাটি কাটা এবং বালু পাচারের মতো কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তাঁকে বদলি করা হয়েছে। তবে বদলির প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের পর ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতি ও হয়রানি কতটা কমবে?

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি পাহাড় কাটা, অবৈধ মাটি উত্তোলন ও বালু পাচার বন্ধেও প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে তাঁরা আশা করছেন।

মন্তব্য করুন