চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক

পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষের প্রশংসা প্রতিনিধিদলের

নিউজগার্ডেন ডেস্ক: পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত দুটি উদ্যোগ পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ দুটিকে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য বলে অভিহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা।

ইপসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী সফরে প্রতিনিধিদলটি সংস্থাটির ‘স্মার্ট প্লাস্টিক রিসাইকেল’ ও ‘স্মার্ট পিসিকালচার’ উপপ্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পের আওতায় উপপ্রকল্প দুটি বাস্তবায়ন করছে ইপসা।

সফরের প্রথম পর্যায়ে প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালিত পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার কার্যক্রম ঘুরে দেখে। পরে মিরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় আধুনিক মাছ চাষ কার্যক্রম পরিদর্শন করে। সেখানে গুচ্ছভিত্তিক ও সম্পদ-সাশ্রয়ী মাছ চাষ পদ্ধতি, সৌরবিদ্যুৎচালিত হ্যাচারি পরিচালনা এবং পুকুরের তলদেশ পরিষ্কার রাখার বিশেষ পদ্ধতি সম্পর্কে অবহিত হন তাঁরা।

এ সময় প্রকল্পের আওতায় সহায়তা পাওয়া উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্লাস্টিক পুনর্ব্যবহার ও মাছ চাষ কার্যক্রমের অগ্রগতি, বাস্তব অভিজ্ঞতা, উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা তাঁদের কার্যক্রমের অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াদোমি, জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ এস এম জুলকারনাইন, সামাজিক উন্নয়ন ও জেন্ডার বিশেষজ্ঞ সামিরা চৌধুরী, জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ শারলিন হোসেন এবং যোগাযোগ পেশাজীবী কাশফিয়া মাহফুজ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির সিইআরডির উপমহাব্যবস্থাপক ও স্মার্ট প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী মো. রওশন হাবিব এবং একই বিভাগের ব্যবস্থাপক ও উপপ্রকল্প সমন্বয়কারী আবু হায়াত মো. রাহাত হোসেন। এ সময় ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. আরিফুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান।
প্রতিনিধিদলের এ সফর চলমান কার্যক্রম মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উদ্যোগকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন