ফটিকছড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ১

মোটরসাইকেলে এসে হামলা, চমেক হাসপাতালে পাঠানো হয়েছে

ফটিকছড়ি প্রতিনিধি, এ.কে.এম. নাজিম উদ্দিন চৌধুরী: চট্টগ্রামের ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আবছার (৪০) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে আবছারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এলাকাবাসীর দাবি, আবছার ফটিকছড়ি থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, গুলিবিদ্ধ আবছার পুলিশের সঙ্গে বিভিন্ন সময় সহযোগিতা করতেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন